লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়ে নিহত হন। গত মার্চের পর থেকে ইসরাইলি হামলায় নিহত গণমাধ্যমকর্মীদের মধ্যে তিনি চতুর্থ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আমাল খলিলকে উদ্ধারের সময় জয়নাব ফারাজ নামে আরেক সাংবাদিক গুরুতর আহত হন। পরে রেড ক্রসের কর্মীরা গুলিবর্ষণের মধ্যেই তাকে উদ্ধার করে তিবনিন হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্র জানায়, প্রথম দফার হামলা থেকে বাঁচতে সাংবাদিকরা পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও সেটিই পরবর্তীতে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ ঘটনায় আরও দুইজন নিহত এবং নাবাতিহ জেলায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী দুই সাংবাদিক আহত হওয়ার বিষয়টি স্বীকার করলেও উদ্ধারকাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, হিজবুল্লাহর সংশ্লিষ্ট একটি স্থাপনা থেকে বের হওয়া সন্দেহভাজন দুটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যেগুলোকে তারা হুমকি হিসেবে দেখেছিল। তবে গাড়িগুলোতে কারা ছিলেন, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে কার্যকর একটি নাজুক যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো।