শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি বক্তব্যেই স্পষ্ট করে বলেছেন, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে।
তিনি বলেন, একটি পক্ষ জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। গণভোটের মাধ্যমে নানা দাবি সামনে আনা হচ্ছে। অথচ সরকার স্পষ্ট করেছে, সেসব বিষয় জুলাই সনদের অন্তর্ভুক্ত নয়। এরপরও নতুন নতুন উপায়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
মো. আসাদুজ্জামান বলেন, দেশের একদিকে ফ্যাসিবাদী শক্তি সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে, অন্যদিকে ক্ষমতার লোভে কিছু মৌলবাদী গোষ্ঠীও সক্রিয় হয়ে উঠছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা ও জুলাই সনদকে সামনে রেখে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সামনে থেকে যে দিকনির্দেশনা দিচ্ছেন, সেটিই জুলাইয়ের পথ।
জুলাইকে ঘিরে দেশে এখন দুটি ধারা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, একদল জুলাইকে ব্যবসা-বাণিজ্যের বিষয় বানানোর চেষ্টা করছে, আরেকদল জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে। সেই পথচলার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, সরকার জুলাই আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আইনের মাধ্যমে সেই বিচার নিশ্চিত করা হবে।