ব্লুমবার্গের তথ্য উদ্ধৃত করে মিডল ইস্ট আই জানিয়েছে, ইরান এখন পর্যন্ত প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের রিপার ড্রোন ভূপাতিত বা ধ্বংস করেছে। কিছু ড্রোন আকাশে গুলি করে নামানো হয়েছে, আবার কিছু পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমকিউ-৯ রিপার নজরদারি ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহৃত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ড্রোন। চলমান যুদ্ধে প্রায় ৩০টি রিপার হারানোর তথ্য সামনে এসেছে, যা আগের মার্কিন সরকারি হিসাবের চেয়েও বেশি।
এদিকে যুদ্ধের ব্যয়ও দ্রুত বাড়ছে। পেন্টাগনের এক কর্মকর্তার তথ্যমতে, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি দুর্বল হয়ে গেছে। তবে একের পর এক মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় সেই দাবি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া ও চীনের সহায়তায় ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করেছে।