শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি নিঃশর্তভাবে আত্মসমর্পণ না করে, তাহলে তাদের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা বা চলমান সংঘাত কবে শেষ হতে পারে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি ট্রাম্প।
তবে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার প্রশাসনের লক্ষ্য চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে দ্রুত কাজটি শেষ করতে চান তারা।
ট্রাম্প আরও দাবি করেন, ভবিষ্যতে ইরানে যদি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে। তিনি বলেন, মিত্রদের সঙ্গে একসঙ্গে কাজ করে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা হবে এবং দেশটির অর্থনীতিকে আগের চেয়ে আরও শক্তিশালী করা হবে।
পোস্টের শেষদিকে ট্রাম্প লেখেন, ইরানের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ‘মেক ইরান গ্রেট এগেইন (MIGA)’।