ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শনিবার সকাল থেকে রাশিয়া প্রায় ৫০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তার অভিযোগ, সম্মুখযুদ্ধে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় রাশিয়া এখন ইউক্রেনের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করছে।
ক্রামাতোরস্ক এলাকায় বেসামরিক গাড়িতে পৃথক হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝিতোমিরের জভিয়াহেল শহরে একটি দোকানে হামলায় আরও দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় দুটি পেট্রল স্টেশন ও একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
জাপোরিঝিয়া ও ক্রিভি রিহেও হামলার খবর পাওয়া গেছে। জাপোরিঝিয়ায় দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ক্রিভি রিহে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও দুজন নিহত হয়েছেন। ওদেসায় হামলায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।
রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, জাপোরিঝস্তাল, ইন্টারপাইপ স্টিল কমপ্লেক্সসহ কয়েকটি শিল্পকারখানায় হামলা চালানো হয়েছে। তবে দুই পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এদিকে ইউক্রেনের হামলার আশঙ্কায় মলদোভা প্রায় এক ঘণ্টা জাতীয় আকাশসীমা বন্ধ রাখে। একই সময়ে সাতটি সীমান্ত পারাপার কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ করা হয়।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বন্দর, জাহাজ ও জ্বালানি স্থাপনায় হামলার পাল্টাপাল্টি দাবি করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সামারা অঞ্চলের একটি সিনথেটিক রাবার কারখানায় হামলার কথা জানিয়েছে। রাশিয়ার পক্ষও ইউক্রেনের বন্দর ও কার্গো জাহাজে হামলার দাবি করেছে।