অভিনয়জীবন গুটিয়ে নিয়ে মাত্র এক বছরের মধ্যে রাজনীতিতে সক্রিয় হয়েছেন থালাপতি বিজয়। তিনি নিজেই গঠন করেছেন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’, যা ২০২৪ সাল থেকে তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত প্রভাব বিস্তার করছে। কোটি কোটি তরুণ সমর্থকের উচ্ছ্বাস তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সম্প্রতি মাদুরাইয়ের এক জনসভায় কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করেন বিজয়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ বলে আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়ে দেন—এই সংঘাত রাজনৈতিক মঞ্চের বাইরেও ছড়িয়ে পড়েছে, এটি মূলত আদর্শিক লড়াই।
বিজয়ের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্র ও স্বচ্ছতাকে দুর্বল করে দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, তার দলের মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচার, যা বিজেপির রাজনীতির সম্পূর্ণ বিপরীত।
যদিও তিনি ডিএমকে-কে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেছেন, বিজয় পরিষ্কার করেছেন—ডিএমকের সঙ্গে লড়াই রাজনৈতিক সীমার মধ্যে হলেও বিজেপির সঙ্গে সংঘাত সম্পূর্ণ আদর্শিক স্তরে।
হিন্দুস্তান টাইমস, পিটিআই এবং এনডিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের বক্তৃতা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে। সভায় উপস্থিত হাজারো সমর্থকের উচ্ছ্বাস ও করতালিতে তার প্রতিটি বাক্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই অভূতপূর্ব জনসমর্থনই তাকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগাচ্ছে।
সূত্র: পিটিআই, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি নিউজ।