ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) প্রায় একই সময়ে ঘোষণায় দেশগুলো জানিয়েছে, শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের পথ উন্মুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এ ঘোষণার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। ৭ অক্টোবরের ভয়াবহ হামলার পর যারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তারা আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন।”
নেতানিয়াহু আরও দাবি করেন, পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি আনুষ্ঠানিক জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দেন, “শান্তি প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্র সমাধান এগিয়ে নিতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।” একইসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে একসঙ্গে কাজ করব।”
সূত্র: টাইমস অব ইসরায়েল