আগামী মাস থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, শুল্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
ট্রাম্প আরও অভিযোগ করেন, চীন বিরল জ্বালানি রপ্তানিতে নিয়ন্ত্রণ কড়াকড়ি আরোপ করে “শত্রুতাপূর্ণ” আচরণ করছে। তার দাবি, চীনের এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বকে “জিম্মি করার চেষ্টা” করা হচ্ছে।
তিনি এক পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকিও দেন, তবে পরে বলেন বৈঠক এখনও স্থগিত হয়নি এবং এটি অনুষ্ঠিত হবে কি না তা নিশ্চিত নয়।
ট্রাম্পের এই ঘোষণার প্রভাব মার্কিন পুঁজিবাজারে পড়েছে। প্রধান সূচক দিনে ২.৭ শতাংশ কমে বন্ধ হয়েছে, যা এপ্রিলের পর সর্ববৃহৎ পতন হিসেবে ধরা পড়েছে।
বর্তমানে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ, তবে আগামী ১ নভেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হলে মোট শুল্ক দাঁড়াবে ১৩০ শতাংশ, যা দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনাকে আরও তীব্র করবে।