সর্বশেষ খান ইউনিসের মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। ওই ঘটনায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। সেদিন ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।
গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের সংঘাত কমেছে। তবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান থামেনি। ইসরায়েলি বাহিনী বলছে, হুমকি কিংবা হামলার জবাব দিতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি হামলায় আরও ১ হাজার ১৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত সরকারের অধীন থাকা মন্ত্রণালয়টি নিয়মিত হতাহতের হিসাব প্রকাশ করে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সাধারণভাবে এসব তথ্যকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। তবে নিহতদের মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের পৃথক সংখ্যা এতে উল্লেখ করা হয় না। যুদ্ধবিরতির পর ইসরায়েলের সাত সেনাও নিহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়েও অগ্রগতি থমকে আছে। গাজার অর্ধেকের বেশি এলাকা বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে না।