বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবিত এই সমঝোতা কার্যকর করতে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললে সাম্প্রতিক অচলাবস্থার পর কূটনৈতিক তৎপরতায় নতুন গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সমঝোতার বেশ কিছু দিক এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ৬০ দিনের সময়সীমা আলোচনার চূড়ান্ত মেয়াদ কি না, তা স্পষ্ট হয়নি। কারণ বর্তমান যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্ট সময়ের জন্য বহাল রয়েছে।
সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের বিভিন্ন বন্দরের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ শিথিল করার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
ইরানের দাবি, হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী জলসীমায় অবস্থিত হওয়ায় এর ব্যবস্থাপনায় উভয় দেশের ভূমিকা থাকা উচিত। তবে এ অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ বা টোল আরোপের যেকোনো উদ্যোগের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। বৃহস্পতিবারও সীমিত আকারে দুই পক্ষের মধ্যে পাল্টা হামলার খবর পাওয়া গেছে।