বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সামাজিকমাধ্যমে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সিনেমায় কাজ না করার কারণ তার কাছে পরিষ্কার—“সিনেমার গান আসলে নায়ক-পরিচালকের গান হয়, আমার গান হয় না।”
তিনি উল্লেখ করেন, অনেকগুলো চলচ্চিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনকি একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তির সাথেও দেখা করেননি, যিনি ফোন দিলেই শিল্পীরা ছুটে যান। কারণ, সিনেমায় তিনি আর নতুন কিছু খুঁজে পান না।
প্রিন্স মাহমুদ বলেন, “পুরোনো দিনের সুরকারদের জন্য হয়তো সিনেমার গান মানানসই ছিল। কিন্তু এখন অকারণ ক্রেডিট নেয়ার কোনো মানে নেই। আমার গান আমি খুঁজে পাই অডিও অ্যালবামে।”
তার হাত ধরে শ্রোতারা পেয়েছেন বহু জনপ্রিয় গান—
‘মা’, ‘এতো কষ্ট কেন ভালোবাসায়’, ‘আজ জন্মদিন তোমার’, ‘বাবা’, ‘বাংলাদেশ (আমার সোনার বাংলা)’, ‘হিমালয়’, মাহাদির ‘সুনীল বরুণা’, রুমির ‘মাটি’, তাহসানের ‘ছিপ নৌকো’, তপুর ‘সোনার মেয়ে’, তানজির তুহিনের ‘আলো’, ‘অনাগত’, এলিটার ‘কবি’ এবং মিনারের ‘একাকিত্বের কোনো মানে নেই’।
উল্লেখ্য, সর্বশেষ তিনি গত ঈদে মুক্তি পাওয়া এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার চারটি মৌলিক গানের সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন। প্রায় আট বছর পর সিনেমায় ফেরার এ কাজের মাধ্যমেই আবার নতুনভাবে আলোচনায় আসেন তিনি।