আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের সব বন্দরকে কেন্দ্র করে নৌ-অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে—ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক চলাচল এই অবরোধের আওতায় পড়বে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরসহ সংশ্লিষ্ট উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।
তবে ইরানের বাইরের বন্দরগামী জাহাজের জন্য হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না বলেও জানানো হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনীর ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি, ইরানকে ট্রানজিট টোল প্রদানকারী জাহাজগুলোও আটক করা হতে পারে বলে সতর্ক করেন তিনি।
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্টভাবে বলেছেন, হুমকির মুখে ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না।
একই সঙ্গে, ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো অগ্রসরমান যুদ্ধজাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকা এই পরিস্থিতিতে প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।