বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দলটি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একটি অবৈধ প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছে।
রোববার (৩১ আগস্ট) রাতে চীন সফর শেষে দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “নুরের ওপর হামলার ঘটনা মোটেও স্বাভাবিক নয়, এটি গভীর ষড়যন্ত্রের অংশ।” তিনি আরও জানান, সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
এ সময় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে আবারও রাজপথে নামবে এনসিপি।” তিনি দাবি করেন, নুরুল হক নুরের ওপর হামলা গণভ্যুত্থানের শক্তিকে স্তব্ধ করার জন্য পরিকল্পিতভাবে চালানো হয়েছে। তাঁর ভাষ্য, “ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবির কারণেই এই হামলা হয়েছে, আর এতে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা উদ্বেগজনক। সেনাবাহিনী কার নির্দেশে চলছে, সেটি নিয়ে প্রশ্ন তোলা জরুরি।”
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সেনা ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুর আহত হন। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারসহ প্রায় সব রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পাঁচ দিনের চীন সফরে যান এনসিপির একটি প্রতিনিধি দল। নাহিদ ইসলামের নেতৃত্বে এ দলে ছিলেন সারজিস আলম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।