ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেনাকে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা। তদন্তে জানা গেছে, ছবিটি কয়েক সপ্তাহ আগে দবেল গ্রামে তোলা হয়েছিল।
একই গ্রামে এর আগেও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ উঠেছিল। গত মাসে ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা যায়, এক সেনা যিশুর মূর্তি ভাঙচুর ও সোলার প্যানেল নষ্ট করছে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর নীতিমালার সঙ্গে এমন আচরণের কোনো মিল নেই। তাদের দাবি, সংঘাত চলমান থাকলেও সব ধর্মীয় প্রতীক ও উপাসনালয়ের প্রতি সম্মান বজায় রাখার নীতি অনুসরণ করে তারা।
তবে সাম্প্রতিক সময়ে গির্জা ও ধর্মীয় প্রতীক ঘিরে একাধিক ঘটনার কারণে ইসরায়েলের খ্রিষ্টানবান্ধব অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও অস্থিতিশীল। এর আগে ২ মার্চ ইরানকে কেন্দ্র করে উত্তেজনার জেরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ে। দবেল গ্রামেও সেই উত্তেজনার প্রভাব অব্যাহত রয়েছে।