বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি জানায়। তবে আফগানিস্তান বলছে, হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, কুনার ও হেলমান্দ প্রদেশে চালানো এসব হামলায় অন্তত ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। তার দাবি, হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে তিনি ঘটনাটিকে আগ্রাসন ও অপরাধ হিসেবে উল্লেখ করেন।
তবে হামলায় হতাহতের বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবির কোনোটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।
প্রায় তিন মাস তুলনামূলক শান্ত থাকার পর সম্প্রতি আবারও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে দাবি ইসলামাবাদের।
কাবুল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। আফগান সরকারের দাবি, পাকিস্তান সশস্ত্র গোষ্ঠীর পরিবর্তে বেসামরিক মানুষের বাড়িঘরে হামলা চালাচ্ছে, যাতে নারী ও শিশুরা হতাহত হচ্ছেন।