আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সংঘাত থামাতে ইসলামাবাদের সঙ্গে বসতে প্রস্তুত তালেবান নেতৃত্ব। তাদের দাবি, বরাবরই সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পরিস্থিতিকে প্রকাশ্য যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। ইসলামাবাদের দাবি, ‘অপারেশন গজব লিল-হক’-এ শতাধিক তালেবান নিহত ও বহুজন আহত হয়েছে। তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, একাধিক চেকপোস্ট ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে কাবুল বলছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানেরও প্রাণহানি হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকায় ড্রোন হামলায় আহতের খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তার আহ্বান, দ্রুত যুদ্ধবিরতি ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে ইউরোপীয় কাউন্সিল সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর তাগিদ দিয়েছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা