আন্তর্জাতিক অনলাইন পর্নোগ্রাফি প্ল্যাটফর্মে ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে মুহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টি (২৮) নামের এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, দম্পতিটি শুধু পর্ন ভিডিও তৈরি করেই থেমে থাকেনি; বরং অন্যদেরও এই অবৈধ কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করছিল।
প্রাথমিক তদন্তে জানা যায়, ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশিত হয়। পরবর্তী এক বছরে তারা মোট ১১২টি ভিডিও প্রকাশ করে, যা ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
সিআইডি জানায়, তারা একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও আপলোড করত এবং টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে তা প্রচার করত। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, দম্পতি দুজনই দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন এবং তেমন শিক্ষা লাভ করেননি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ড আবেদনসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ‘দ্য ডিসেন্ট’ নামের এক অনলাইন গণমাধ্যমে “পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা” শিরোনামে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। প্রতিবেদনে দম্পতির আন্তর্জাতিক এডাল্ট ইন্ডাস্ট্রিতে সম্পৃক্ততা এবং তরুণ সমাজের ওপর এর প্রভাব তুলে ধরা হয়।