শনিবার ( ২০ জুন) আবাসিক ভবন লক্ষ্য করে চালানো ওই হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহ নিহত হন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি। হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
আল জাজিরার এক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ড্রোন থেকে সরাসরি ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলে থাকা সাংবাদিক আহমেদ উইশাহ গুরুতরভাবে আহত হয়ে পরে মারা যান।
এর আগে একই পরিবারের আরেক সদস্য মোহাম্মদ উইশাহও চলতি বছরের এপ্রিলে ইসরায়েলি হামলায় প্রাণ হারান।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, নিহত সাংবাদিক হামাসের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে এ দাবির সপক্ষে কোনো স্বাধীন প্রমাণ তারা প্রকাশ করেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করে, আহমেদ উইশাহ গাজার ভেতরে সামরিক কার্যক্রমে যুক্ত ছিলেন। এসব অভিযোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ২০০-এর বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশ দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারান।