ইরানের দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজের চলাচলে বাধা সৃষ্টি করছিল এবং সামুদ্রিক অবরোধ কার্যক্রমে অংশ নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো তাদের যুদ্ধজাহাজে আঘাত হানতে পারেনি। এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলেও দাবি করেছে তারা।
এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, খার্গ দ্বীপের উপকূলীয় এলাকায় এবং জাস্কের কাছে থাকা দুটি ট্যাংকার অচল করে দেওয়া হয়েছে। এছাড়া ওমান উপসাগরে অবস্থানরত একটি খালি ট্যাংকার ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খার্গ দ্বীপের কাছে নোঙর করা একটি ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে ওই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।
হরমুজ প্রণালিকে ঘিরে চলমান এই হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজের চলাচলও ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।