জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। আল-আজরাক এলাকার দিকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানানো হয়। ধ্বংসাবশেষ জর্ডানের ভূখণ্ডে পড়লেও হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করতে সক্রিয় রয়েছে। তবে লক্ষ্যবস্তুর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, আইআরজিসি জর্ডানের আল-আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটির একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলায় এফ-৩৫ যুদ্ধবিমানের অবস্থান ও একটি কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু ছিল। এই হামলায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়।
এর আগে মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। হরমুজ প্রণালির আশপাশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলো ছিল সেই হামলার লক্ষ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি জবাব ছাড়া থাকবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বিদেশি বাহিনীকে অঞ্চল ছেড়ে যাওয়ারও আহ্বান জানান।