নিহত কর্মকর্তা ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ, যিনি ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া ব্রিগেডের সদস্য ছিলেন। সামরিক সূত্র জানায়, দক্ষিণ লেবাননে অভিযান চালানোর সময় একটি ট্যাংক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার পরপরই পাল্টা বিমান ও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সময়ে সীমান্তবর্তী এলাকায় সামরিক তৎপরতাও বাড়ানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একটি প্রস্তাব সামনে আসে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সংগঠনটির নেতা নাঈম কাসেম বলেন, লেবাননে হামলা বন্ধ না হলে উত্তর ইসরায়েলেও রকেট ও ড্রোন হামলা চলবে।
এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলে একাধিক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতির অবনতির কারণে সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে চলাচলে সতর্কতাও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।