সোমবার (১ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
তেহরানের এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়।
এদিকে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে আইআরজিসি দাবি করেছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়েছে। এর ফলে গত ৮ এপ্রিল কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতি এবং হরমোজ প্রণালি পুনরায় চালুর কূটনৈতিক প্রচেষ্টা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, হরমোজ প্রণালিতে মার্কিন নৌ তৎপরতা ও লেবাননে ইসরায়েলি হামলা প্রমাণ করে ওয়াশিংটন চুক্তির শর্ত মানছে না। একই সঙ্গে তেহরান জানিয়েছে, লেবাননের যুদ্ধবিরতি ইস্যু যেকোনো আঞ্চলিক শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে।
এ অবস্থায় ইরান হরমোজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকির পাশাপাশি ইয়েমেনের হুথি গোষ্ঠীর সহায়তায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতেও চাপ সৃষ্টির ইঙ্গিত দিয়েছে।