তবে তেহরান এ ঘটনাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। মঙ্গলবার (২৬ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের বাণিজ্যিক জাহাজ ও উপকূলীয় এলাকায় হামলা চালিয়েছে।
ইরানের দাবি, গত ২৮ ঘণ্টায় হরমোজগান অঞ্চলে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় এ প্রদেশের উপকূল ঘেঁষেই অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও জ্বালানি পরিবহন হয়ে থাকে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যেই এসব সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সেন্টকমের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, দক্ষিণ ইরানে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক আলোচনার সময় এ ধরনের হামলাকে যুক্তরাষ্ট্রের ‘প্রতারণামূলক আচরণ’ বলে মন্তব্য করেছে তেহরান।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান।