যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র এবং বোয়িং বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত সরকার। একই সঙ্গে বাতিল করা হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন ওয়াশিংটন সফর।
শুক্রবার (৮ আগস্ট) একাধিক ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে আলোচনা এবং সম্ভাব্য ঘোষণা দেওয়ার কথা ছিল রাজনাথ সিংয়ের। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বড় ধরনের সামরিক ক্রয়চুক্তি স্থগিত থাকবে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে, গত বুধবার, ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্যবেক্ষকদের মতে, এরই জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে ভারত