পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া ও উত্তরের চেরনিহিভে ভারী বোমা ও ড্রোন আঘাত হানে। জাপোরিঝিয়াতেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে, সেখানে এক ডজনের বেশি মানুষ নিহত হন।
রাষ্ট্রীয় জ্বালানি খাতও বড় ধাক্কা খেয়েছে। জ্বালানি প্রতিষ্ঠানের একাধিক স্থাপনায় হামলায় কয়েকজন কর্মী ও উদ্ধারকর্মী নিহত হন, আহত হন অনেকে। এতে গ্যাস সরবরাহ ব্যাহত হয়ে কয়েক হাজার গ্রাহক সংযোগহীন হয়ে পড়েন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এবং দনিপ্রো শহরেও প্রাণহানির ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও এমন হামলাকে তিনি ‘চরম অবজ্ঞা’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, শান্তি চাইলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন।
এদিকে ইউক্রেন জানিয়েছে, নির্দিষ্ট সময় থেকে তারা যুদ্ধবিরতি মেনে চলবে, তবে পরিস্থিতি অনুযায়ী জবাবও দেবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন।