বৃহস্পতিবার (১৭ জুলাই) নিউটাউনে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে। আমি কি তাতে বাধা দিয়েছি? দিইনি। কারণ, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। পার্শ্ববর্তী দেশ বিপদে পড়লে বা ভারত সরকারের ভিন্ন কোনো কারণ থাকলে, সেটা নিয়ে তো আমরা কখনো কিছু বলিনি। তাহলে আপনারা কেন বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলে তকমা দিচ্ছেন?”
তিনি আরও বলেন, “যদি বাংলাদেশিদের নিয়ে এত সমস্যা থাকে, তাহলে ভারত সরকার কেন কিছু বাংলাদেশিকে অতিথি করে রেখেছে? পশ্চিমবঙ্গ সরকার তো তাতে কখনও আপত্তি জানায়নি।”
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে, নির্বাসনের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি রোহিঙ্গা বলেও অপমান করা হচ্ছে।
তিনি স্মরণ করিয়ে দেন, “১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির ফলে যারা ভারতে এসেছেন, তারা সবাই ভারতের নাগরিক। তারা কোনোভাবেই বাংলাদেশি নন। পশ্চিমবঙ্গে বসবাসকারী অনেকে দেশভাগের আগে এসেছেন বা ১৯৭১ সালে এসেছেন। তাই তাদের ভাষায় ওপার বাংলার টান থাকতেই পারে, তবে তারা সবাই ভারতীয়।”