২০২৪ সালে প্রচারিত বিবিসির ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ৬ জানুয়ারি ২০২১-এর একটি ভাষণের অংশ উপস্থাপনা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। ওই দিন ট্রাম্প সমর্থকদের উদ্দেশে আলাদা সময়ে দুটি বক্তব্য দিয়েছিলেন—একটিতে ক্যাপিটলের দিকে হাঁটার কথা বলেন, আরেকটিতে ‘লড়াই’ করার কথা উল্লেখ করেন। অভিযোগ অনুযায়ী, প্রামাণ্যচিত্রে এই দুটি আলাদা বক্তব্য একত্র করে দেখানো হয়, ফলে বক্তব্যের অর্থ ও প্রেক্ষাপট ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।
ফ্লোরিডার আদালতে দাখিল করা নথিতে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, বিবিসি ইচ্ছাকৃতভাবে ভাষণ সম্পাদনা করে তাকে সহিংসতার আহ্বানদাতা হিসেবে উপস্থাপন করেছে, যা তার সুনাম ক্ষুণ্ন করেছে। এ কারণে মানহানি ছাড়াও বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বিবিসি স্বীকার করেছে যে সম্পাদনার ধরনে একটি ভুল ধারণা তৈরি হতে পারে এবং সে জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। তবে সংবাদমাধ্যমটির দাবি, মানহানির অভিযোগ টেকসই নয় এবং ক্ষতিপূরণ দেওয়ার কোনো ভিত্তি নেই।
এদিকে সমালোচনার মুখে সম্প্রতি বিবিসির শীর্ষ পর্যায়ে পদত্যাগের ঘটনাও ঘটে। তবু ট্রাম্পের ক্ষোভ প্রশমিত হয়নি। তিনি বিবিসিকে পক্ষপাতদুষ্ট প্রচারণামূলক প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে মামলাটি এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।