ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে, বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে তারা। শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া পরিচয়পত্রে তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত বলে শনাক্ত করা হয়। বিএসএফের দাবি, সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে কী কারণে তিনি ভারতে প্রবেশ করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
অন্যদিকে, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আধার কার্ড সংক্রান্ত নতুন বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের প্রাপ্তবয়স্কদের আধার কার্ড আর দেওয়া হবে না। তবে তফসিলি উপজাতি, তফসিলি জনজাতি এবং চা-শ্রমিক সম্প্রদায়ের জন্য এক বছরের বাড়তি সুযোগ রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে একাধিক বাংলাদেশিকে সীমান্তে আটক করা হয়েছে এবং অনেককে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও যোগ করেন, এক বছরের পর কেউ বাদ পড়লে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের মাধ্যমে পুলিশ সুপার, ফরেনার্স ট্রাইব্যুনালসহ অন্যান্য সংস্থার পরামর্শে কেবল বিরল ক্ষেত্রে অনুমোদন দেওয়া হতে পারে।
সূত্র: নিউজ১৮