ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন যে, দেশটির পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই বন্ধ করা হবে না। শনিবার (১১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
আরাঘচি বলেন, “আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার জন্য যুক্তিসংগত, ভারসাম্যপূর্ণ ও ন্যায্য কোনো প্রস্তাব আসে, আমরা তা অবশ্যই বিবেচনা করব। তবে আমাদের আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমিত থাকবে।”
তিনি আরও বলেন, “ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের অবস্থান শুরু থেকেই পরিষ্কার। আমাদের নীতি ও আদর্শের সঙ্গে অসঙ্গত কিছু আমরা কখনোই গ্রহণ করব না।”
গাজা শান্তি চুক্তি প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের সমালোচনা করে আরাঘচি বলেন, “আমরা শুরু থেকেই গাজার পাশে ছিলাম এবং থাকব। ইসরাইল অতীতেও বিভিন্ন চুক্তি ভঙ্গ করেছে। জায়োনিস্ট শাসন সবসময়ই প্রতারণা ও ধোঁকার আশ্রয় নেয়। লেবাননের সঙ্গে ইসরাইলের আগ্রাসনবিরোধী চুক্তি লঙ্ঘন তার সাম্প্রতিক উদাহরণ।”
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ ইরান এখন দেখছে না বলে জানান আরাঘচি। একইসঙ্গে তিনি এই ধরনের আলোচনার সম্ভাব্য ফলাফল সম্পর্কেও সংশয় প্রকাশ করেন।