আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি, পাকিস্তান প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালায়। অন্যদিকে পাকিস্তান বলছে, আফগান সেনারা বিনা উস্কানিতে চামান সীমান্তে গুলি চালিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, দেশটি সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
মাত্র দুইদিন আগেই সৌদি আরবে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে শান্তি আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। বৈঠকে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতির পরও পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সংঘাত হয়, যা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কিছুদিনের জন্য থেমে যায়।
এদিকে সম্প্রতি পাকিস্তানে একাধিক আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ইসলামাবাদের দাবি, আফগান নাগরিকদের মাধ্যমে আফগান তালেবান সরকারের সমর্থনে এসব হামলা পরিচালিত হয়েছে। তবে কাবুল এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।
২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবান ক্ষমতায় ফিরে আসে। এরপর থেকেই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নিয়মিতভাবে বাড়ছে, যার সর্বশেষ উদাহরণ এই সীমান্ত সংঘর্ষ।
সূত্র: রয়টার্স