ফোনালাপে পুতিন ইরান-সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সংক্রান্ত বিরোধে মস্কো ভূমিকা রাখতে চায় বলে জানান তিনি।
ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন সহায়তা করতে চাইলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন—প্রথমে রাশিয়াকে নিজেদের যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে হবে। একই সঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেও পুতিন যুক্ত হতে আগ্রহ দেখিয়েছেন।
এর আগে ট্রাম্প এই আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ বলে মন্তব্য করেন এবং ইউক্রেন যুদ্ধের সমাধান দ্রুত আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়েও দুই নেতা আলোচনা করেছেন। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা কমাতে বিভিন্ন প্রস্তাবও উঠে আসে।
এদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি বার্ষিকী উপলক্ষে আগামী মাসে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন পুতিন—এমন তথ্যও জানিয়েছে রুশ সূত্র।
সূত্র: সিএনএন, আল জাজিরা