২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভিনয় থেকে সরে গিয়ে তিনি ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। তখনই জানান, ভবিষ্যতে তিনি মূলত রাজনীতি ও জনসেবায় মনোযোগ দেবেন। সেই ধারাবাহিকতায় আসন্ন তামিলনাড়ু নির্বাচনে তার দল থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এদিকে তার শেষ সিনেমা ‘জন নায়াগান’ এখনো মুক্তি না পেলেও অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, যা তার জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
এর মধ্যেই বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চেন্নাই-এর টি-নগর এলাকায় অনুমতি ছাড়াই একটি বড় র্যালি আয়োজনের অভিযোগ ওঠে। পুলিশ জানায়, পূর্বানুমতি না থাকায় এবং জনবহুল এলাকায় এ কর্মসূচির কারণে তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়।
এই ঘটনায় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে মাম্বালাম থানায় বিজয় এবং তার দলের এক নেতা এন আনন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।
র্যালির সময় বিজয়কে খোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি এবং আলোকসজ্জার কারণে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।