বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, যদি ইরান জাহাজ চলাচলে অতিরিক্ত ফি আরোপ করে থাকে, তবে তা দ্রুত বন্ধ করতে হবে।
অন্যদিকে, লেবাননকে ঘিরে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। যুদ্ধবিরতির আহ্বান থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের ক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি কার্যকর নয়। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণস্থল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
এ পরিস্থিতিতে ইরান অভিযোগ করেছে—ইসরায়েলের ধারাবাহিক হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করার হুমকিও দিয়েছে তারা।
এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তুতি রয়েছে তাদের। আলোচনায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল-লেবানন পরিস্থিতি নিয়ে চলমান আলোচনা সামনে রেখে আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।