আজ বুধবার (১৯ নভেম্বর) ইসরায়েল এই হামলা চালায়। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজা সিটির জেইতুন এলাকায় এ হামলায় তিনজন নিহত হন। খান ইউনিসের মাওয়াসি অঞ্চলে আহত হয়েছেন আরও কয়েকজন। সব মিলিয়ে সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল জানায়, তাদের সেনাদের ওপর কথিত হামলার জবাবে বিমান হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি এবং দাবি সমর্থনে তারা কোনো প্রমাণও উপস্থাপন করেনি।
গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও এর পরও ইসরায়েল অন্তত দুইবার বড় ধরনের হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই প্রায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।
এ ছাড়াও একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে দেইর কিফা ও চেহোর গ্রামে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার প্রায় আধা ঘণ্টা আগে ইসরায়েল জানায়, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হবে। তবে প্রকৃতপক্ষে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরসহ মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তায় যুদ্ধবিরতি কার্যকর হলেও শুরু থেকেই তা ছিল ভঙ্গুর। এখনো যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কোনো আলোচনা শুরু হয়নি, ফলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঝুলে আছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল