বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেডি ভ্যান্স। সেখানে চলমান পরিস্থিতি এবং ইরানের সঙ্গে উত্তেজনা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
ভ্যান্স বলেন, এই মুহূর্তে বড় ধরনের কোনো সক্রিয় সামরিক অভিযান চলছে না। এখন ব্যাপক আকারে গোলাগুলির পরিস্থিতিও নেই। তবে সব এলাকায় পরিস্থিতি একই রকম নয় এবং কোথাও কোথাও উত্তেজনা ও সংঘাত বেড়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি কয়েক দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা দেখা দেওয়ার পর এ বিষয়ে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, প্রায় ছয় সপ্তাহ ধরে চলা বড় পরিসরের সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সংঘাত শেষ হওয়ার সম্ভাব্য সময় জানতে চাইলে ভ্যান্স কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা জানাতে পারেননি। তিনি বলেন, সংঘাত কখন শেষ হবে, সেই প্রশ্নের সঙ্গে মূলত একটি বিষয় জড়িত—ইরান কবে জাহাজে হামলা বন্ধ করবে।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ভ্যান্স বলেন, এর উত্তর তার জানা নেই এবং এ প্রশ্নের উত্তর ইরানের কাছ থেকেই পাওয়া উচিত।
হরমুজ প্রণালীর পরিস্থিতির কথাও তুলে ধরেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তার অভিযোগ, বিশ্বের গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্যপথে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে ইরান। চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী এখন সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সামনে এসেছে।