সোমবার প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে ট্রাম্প বলেছেন, পুরো অভিযানটি চার সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা। শুরুতে ধারণা করা হয়েছিল, সময় আরও বেশি লাগবে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিবেচনায় এ সময়ের মধ্যেই বা তারও আগে অভিযান সমাপ্ত করা সম্ভব।
ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, যদি তেহরান আলোচনায় আগ্রহী হয়, যুক্তরাষ্ট্রও প্রস্তুত। তবে তা কবে সম্ভব হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনা ঘটে।
হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর।
ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।