তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাতের দিকে কাবুলের একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে এই হামলা চালানো হয়। প্রায় দুই হাজার শয্যার হাসপাতালটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে দমকল ও উদ্ধারকারী দল।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধ্বংসস্তূপের মধ্যে আগুন নেভাতে হিমশিম খেতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কেবল কাবুল ও নানগারহারে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, কোনো হাসপাতাল লক্ষ্যবস্তু ছিল না।
এ ঘটনার আগে দুই দেশের সীমান্তে গোলাগুলির খবরও পাওয়া যায়, যেখানে কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং এই সংঘাত এখন আরও তীব্র আকার ধারণ করছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি আফগান আকাশসীমা লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তবে পাকিস্তানের পক্ষ থেকে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে এবং হামলাকে লক্ষ্যভিত্তিক ও সুনির্দিষ্ট বলে দাবি করা হয়েছে।